চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

জাতীয়
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলিতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামের এক ব্যক্তি, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের মালিক এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তার নির্দিষ্ট পদ-পদবি নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাকিম তার ব্যক্তিগত গাড়িতে করে চলাচল করছিলেন। পথে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

নিহতের গাড়িটি ঘটনাস্থলেই পড়ে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাকি ব্যক্তিগত শত্রুতার জের—তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নিহত হাকিম দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। তার হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

এই ঘটনার পর রাউজান এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।