চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত নেতার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ, স্থবির যান চলাচল
চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মো. সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে তারা হাটহাজারী-রাঙামাটি ও খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টি করেছেন, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা।
হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) হাটহাজারীর শান্তিরদ্বীপ এলাকায় বাসচাপায় মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। এ ঘটনায় ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে মামলা দায়ের করতে গেলে পুলিশ এজাহার গ্রহণে অস্বীকৃতি জানায়, বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদেই আজকের বিক্ষোভ ও অবরোধ।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়া বলেন,
“ঘটনার পরপরই হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। দোষীদের আইনের আওতায় আনা হবে।”
সড়ক অবরোধে আটকে থাকা যাত্রীরা বলছেন, “ঘটনার বিচার হোক, কিন্তু আমাদের চলাচলের পথ যেন বন্ধ না হয়। অফিসে যেতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না।”


