গণতন্ত্র ধ্বংসে সহযোগী ছিল প্রতিবেশী দেশ: জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা দুদুর অভিযোগ

রাজনীতি
গণতন্ত্র ধ্বংসে সহযোগী ছিল প্রতিবেশী দেশ: জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা দুদুর অভিযোগ
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে একটি প্রতিবেশী দেশের সক্রিয় সহযোগিতা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, একাধিক বিতর্কিত নির্বাচনকে সফল বলে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সেই দেশ বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি’র আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“তিনটি তামাশার নির্বাচন হয়েছে। তারপরও সেগুলোকে সফল নির্বাচন বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি শেখ হাসিনার গলায় ফুলের মালা পরানো হয়েছে। এতে প্রমাণ হয়, তারা বাংলাদেশের জনগণের পাশে নয়, বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি। সংসদে নেই, সরকারেও নেই—তবে দেশের ব্যর্থতার দায় কেন বিএনপির ঘাড়ে চাপানো হবে?”

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দুদু বলেন, গত ১৭ বছরে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে, বিএনপি সরকার গঠন করলে এ উদ্যোগের আরও সম্প্রসারণ হবে।
তিনি জানান, তারেক রহমান ইতোমধ্যে ব্যক্তিগত তহবিল থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন।

দুদু বলেন,

“তারেক রহমান বিবিসিকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তা অত্যন্ত হৃদয়স্পর্শী ও গঠনমূলক। তিনি খুবই স্পষ্টভাবে দেশের বাস্তবতা ও সমস্যাগুলো তুলে ধরেছেন।”

আন্দোলনের ভবিষ্যৎ কৌশল তুলে ধরে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন,

“আমরা একটি খুনি সরকারকে বিদায় দিয়েছি। কিন্তু কাজ এখানেই শেষ নয়। এখন প্রয়োজন একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস হবে না।”

আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপনসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।