খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকা অনুদান

জাতীয়
খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকা অনুদান
৪ নভেম্বর ২০২৬

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান চেয়ে আবেদন করা হলেও প্রস্তাবিত অর্থের চেয়ে ১ কোটি টাকা বেশি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে গতকাল ৩ কোটি টাকা অনুদানের বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপিত হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়েছিল। তবে প্রস্তাবটি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন।

এর ফলে ট্রাস্টের চাহিদার তুলনায় অতিরিক্ত ১ কোটি টাকা অনুদান পাচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপনের আয়োজন।