এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনে চাঁদাবাজি ও ডাকাতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পর এবার তাকে এসআরবির নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার মোট সাত পুলিশ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন অতিরিক্ত আইজিপি এবং দুজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফারুক আহমেদ সদ্য সাবেক এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশের স্থলাভিষিক্ত হয়েছেন।
হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন
ফারুক আহমেদের সাম্প্রতিক কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এ দায়িত্ব গ্রহণের পর মহাসড়কে শৃঙ্খলা ফেরানো, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং চাঁদাবাজি ও ডাকাতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেন তিনি।
মহাসড়কে অপরাধের সুযোগ কমানো, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করাকে অগ্রাধিকার দেন তিনি।
এ লক্ষ্যে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি নজরদারির পাশাপাশি ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা। ঢাকা-মাওয়া মহাসড়কেও একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব প্রযুক্তির মাধ্যমে অপরাধ, মাদক চোরাচালান ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে নজরদারি জোরদারের সুযোগ তৈরি হয়েছে।
পাশাপাশি মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, পুলিশের উপস্থিতি নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব পদক্ষেপের ফলে ফারুক আহমেদের দায়িত্ব পালনকালে মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। কোনো কোনো এলাকায় এসব অপরাধ শূন্যের কোঠায় নেমে এসেছে বলেও দাবি করা হয়েছে।
কে এই ফারুক আহমেদ
ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে প্রত্যাহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বিগত সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের ধারাবাহিকতায় তিনি পুলিশ সুপার থেকে ডিআইজি পদে পদোন্নতি পান। পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশাসনিক দায়িত্ব পালনের পর হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে কাজ করেন ফারুক আহমেদ। এবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।


