ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল: সাজাপ্রাপ্ত-অভিযুক্তরা পাচ্ছেন মুক্তি

জাতীয়
ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল: সাজাপ্রাপ্ত-অভিযুক্তরা পাচ্ছেন মুক্তি
নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সরকার। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), ২০১৮-এর অধীনে হওয়া সকল মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এ একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ডিএসএ-তে সাজাপ্রাপ্ত এবং মামলার অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে অধ্যাদেশটির ধারা ৫০ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৈঠক শেষে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, এর মাধ্যমে ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হলো, এবং সাজাপ্রাপ্ত সবাই দায় থেকে মুক্তি পাচ্ছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারা ৫০-এর উপ-ধারা (৪ক)-তে বলা হয়েছে:

  1. রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ এবং সংশ্লিষ্ট ধারাসমূহে বর্ণিত অপরাধ সংঘটনে সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন বা তদন্তাধীন সকল মামলা বা কার্যক্রম বাতিল হবে।
  2. একই সঙ্গে, এসব ধারার অধীনে কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানাও বাতিল বলে গণ্য হবে।

ভার্চুয়াল জগতে অপরাধ দমনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হলেও, এর বেশ কিছু ধারা ‘নিবর্তনমূলক’ হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল। তীব্র সমালোচনার মুখে ২০২৩ সালে আইনটিকে সামান্য পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন আনা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছিল। তবে আজ নতুন সংশোধনের মাধ্যমে কার্যত ডিএসএ-এর বিতর্কিত ধারাগুলোর সকল আইনি প্রক্রিয়া থেকে ভুক্তভোগীদের সম্পূর্ণ স্বস্তি দেওয়া হলো।