এনসিপিকে মির্জা ফখরুল

আমরা তো শাপলা দিতে বাধা দেইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন?

রাজনীতি
আমরা তো শাপলা দিতে বাধা দেইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন?
নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৫

নির্বাচনী প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক বিএনপির প্রধান প্রতীক ‘ধানের শীষ’ বাতিলের আল্টিমেটাম দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এনসিপি’র এই দাবির মধ্যে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত দেখছেন।

আজ শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এনসিপি-কে উদ্দেশ্য করে বলেন, “ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?”

বিএনপি মহাসচিব দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, “ধানের শীষ অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে।” তিনি আরও অভিযোগ করেন যে, ধানের শীষকে আটকে দেওয়ার জন্য নানা প্রচেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দেন যে, “ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জা ফখরুল নির্বাচনভিত্তিক গণতন্ত্রের ওপর জোর দিয়ে বলেন, “যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারবো না।”

উল্লেখ্য, এই বিতর্ক শুরু হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের পর। ওই বৈঠক শেষে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, শাপলা প্রতীক না পেলে কমিশনের সামনে দুটো পথ খোলা— “হয় শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে।” তার এই প্রতীক বাতিলের সরাসরি দাবিই দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের তীব্র সমালোচনার মুখে পড়ল।