শোকের ছায়া শিক্ষাঙ্গনে: কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন লড়াই চালিয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। গত শুক্রবার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এক সপ্তাহের লড়াই শেষে আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম নিশ্চিত করেন, ধানমন্ডিতে গাড়িতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার তার অস্ত্রোপচার করে দুটি রিং পরানো হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় একাধিকবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সবশেষ শুক্রবার সকালে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
অধ্যাপক মনজুরুল ইসলামের স্বজনরা জানিয়েছেন, তার মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। শনিবার (১১ অক্টোবর) তার শেষকৃত্য সম্পন্ন হবে।
শ্রদ্ধা জানানোর জন্য শনিবার সকাল ১০:৩০টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এবং সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
একাত্তর বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো এই গুণী শিক্ষক ও সাহিত্যিকের মৃত্যুতে দেশের বুদ্ধিজীবী মহলে গভীর শোকের আবহ বিরাজ করছে।


