শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

জাতীয়
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম
নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৫

ফিলিস্তিন সংহতি মিশনে যোগ দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর অবশেষে মুক্তি পেলেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। কূটনৈতিক সাফল্যের পথ ধরে তিনি শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (১০ অক্টোবর) রাতে নিশ্চিত করেন, শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান এবং কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। ইস্তাম্বুল থেকে ঢাকাগামী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়েছে।

শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা যায়, শহিদুল আলমকে ইসরায়েল কর্তৃপক্ষ আটক করার পরপরই প্রধান উপদেষ্টার নির্দেশে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া শুরু করে।

শহিদুল আলম গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’য় অংশ নিয়েছিলেন। আটক হওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে লেখেন, “ফিলিস্তিন অবশ্যই মুক্ত হবে।”

গত ৪ অক্টোবর এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমকে ‘বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শহিদুল আলম ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগেও একই সাহস দেখিয়েছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শহিদুল আলমের এই উদ্যোগকে ‘ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ’ বলে প্রশংসা করে বলেছিলেন, বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি।

অধ্যাপক ইউনূস তার বিবৃতিতে বলেন, “আমরা শহিদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি- এখন এবং চিরকাল।”