একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী

জাতীয়
একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

চলতি বছরের হজ নিবন্ধন শেষ হতে বাকি মাত্র একদিন। অথচ এখনো পর্যন্ত বাংলাদেশের নির্ধারিত কোটার মাত্র ১৫ শতাংশ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এমন অবস্থায় বিপুলসংখ্যক হজ কোটা খালি থেকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হজ পোর্টালের তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত মাত্র ১৮ হাজার ৭৩৬ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ৯০৮ জন।

বাংলাদেশের জন্য নির্ধারিত মোট হজ কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিবন্ধনে গতি আনতে শনিবারও নির্দিষ্ট ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে। পাশাপাশি, ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকে চূড়ান্ত নিবন্ধন দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়,

“নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, এখনো পর্যন্ত ৩২৯টি হজ এজেন্সি কোনো হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন করেনি, এবং ৪৮টি এজেন্সি একটিও প্রাক-নিবন্ধন সম্পন্ন করেনি।

‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ অনুযায়ী, একটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতেই হবে, যা তাদের যোগ্যতা ধরে রাখার জন্য আবশ্যক।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন,

“অনেকেই মনে করছেন, ওমরাহ করলেই হজের প্রয়োজন নেই—এটাই নিবন্ধন কম হওয়ার বড় কারণ। তবে আমরা আশা করছি, শেষ মুহূর্তে নিবন্ধন বাড়বে।”

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হতে পারে। সময় মতো নিবন্ধন না করলে ভবিষ্যতের হজ মৌসুমেও জটিলতায় পড়তে হতে পারে বলে হুঁশিয়ার করছেন হজ সংশ্লিষ্টরা।