জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজনীতি
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

সৌজন্য সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এরপর উভয় পক্ষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে “গুরুত্বপূর্ণ” হিসেবে উল্লেখ করে, এর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জামায়াতের পক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে জার্মানির কারিগরি সহযোগিতা ও আন্তর্জাতিক ভূমিকার আহ্বান জানানো হয়।

এ ছাড়া নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, এবং সামাজিক উন্নয়ন– এসব বিষয়ে জার্মানির চলমান সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্থায়িত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জামায়াত প্রতিনিধিরা দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা কামনা করেন।

উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মত দেন।

সাক্ষাতে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান,ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান।