১০০ আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১০০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হবে।
একই দিনে মনোনীত প্রার্থীদের নিয়ে একটি বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হবে।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবের নেতৃত্বে একটি প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তারা প্রাথমিক মনোনয়নের জন্য একটি প্রতিবেদন জমা দেন।
সাম্প্রতিক একটি কার্যনির্বাহী সভায় সেই প্রতিবেদনের ভিত্তিতে ১ম ধাপে ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, মাস খানেক আগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। এবার সেই নীতির বাস্তবায়ন শুরু হয়েছে।
নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের আরও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, এমনটিও জানিয়েছে এবি পার্টি।
দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
“আমরা একটি কার্যকর রাজনৈতিক বিকল্প গড়ে তুলতে চাই। জনগণের স্বার্থ রক্ষায় এবি পার্টি নির্বাচনী মাঠে সর্বাত্মকভাবে প্রস্তুত।”
তারা আসন্ন ঘোষণাকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।


