দেশে ফিরে নির্বাচনী প্রচারে অংশ নেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

রাজনীতি
দেশে ফিরে নির্বাচনী প্রচারে অংশ নেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় দলের প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

আমান বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে—এ কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন। ইনশাল্লাহ, সেই নির্বাচনে তারেক রহমান নিজে দেশে ফিরে অংশ নেবেন এবং দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের পূর্বাভাস ছিল—দেশের ভবিষ্যৎ ঠিক হবে রাজপথেই। আমরা তা দেখেছি।”

আমান উল্লাহ আমান আরও অভিযোগ করেন,

“বাংলাদেশে একটি বিশেষ গোষ্ঠী পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা চক্রান্ত করছে, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা করছে। বিএনপি এটিকে সফল হতে দেবে না।”

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিএনপি দেশের জনগণের পাশে আছে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ফরিদুজ্জামান ফরহাদ (ন্যাশনাল পিপলস পার্টি),খায়রুল কবির খোকন (বিএনপি নেতা),সৈয়দ নুরুল ইসলাম (সাম্যবাদী দল),এ টি এম গোলাম মাওলা চৌধুরী (গণদল),শামসুল আলম লিটন (গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস)।