১৭ কোটি মানুষ ও ১৩ লাখ রোহিঙ্গাকে খাওয়াচ্ছে বাংলাদেশ — রোমে ড. ইউনূস

জাতীয়
১৭ কোটি মানুষ ও ১৩ লাখ রোহিঙ্গাকে খাওয়াচ্ছে বাংলাদেশ — রোমে ড. ইউনূস
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ কীভাবে সীমিত সম্পদ নিয়েও খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়েছে এবং লাখো শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে—তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইতালির রোমে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের ফ্ল্যাগশিপ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখেন।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু সম্ভাবনায় বিশাল। আমরা ১৭ কোটি মানুষকে খাদ্য দিচ্ছি, একইসঙ্গে আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে, যাদের কেউ আমন্ত্রণ জানায়নি—তবু মানবিক কারণে তাদের জায়গা করে দিয়েছি।”

তিনি জানান, ধান উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্বের অন্যতম শীর্ষ মিঠাপানির মাছ ও শাকসবজি উৎপাদক দেশ। মাটির শক্তি বাড়াতে, পানির অপচয় ঠেকাতে ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ও কৃষকদের যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা জানান, কৃষকদের জন্য ৭০ শতাংশ পর্যন্ত যন্ত্রপাতি ভর্তুকি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে খর্বতা (stunting) কমাতে ও খাদ্যতালিকার বৈচিত্র্য আনতে নেওয়া উদ্যোগ সফল হচ্ছে। বর্তমানে ১৩৩টি জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়ক।

অধ্যাপক ইউনূস আরও জানান, তিনি ২০১৬ সালে গঠিত এফএও-সমর্থিত ‘নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস’-এর একজন সদস্য হিসেবে কাজ করছেন। এটি এখন এফএও’র একটি মাইলফলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসময় তিনি বিশ্ব সম্প্রদায়কে কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র হিসেবে না দেখে, বরং সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।