নটরডেম কলেজে পাসের হার ৯৯.৬০%, জিপিএ-৫ পেয়েছে ২,৪৫৪ জন

শিক্ষা
নটরডেম কলেজে পাসের হার ৯৯.৬০%, জিপিএ-৫ পেয়েছে ২,৪৫৪ জন
নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫

সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে নজিরবিহীন পতনের মধ্যেও সাফল্যের পতাকা উড়িয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী নটরডেম কলেজ। প্রতিষ্ঠানটি এ বছর পাসের হার ধরে রেখেছে ৯৯ দশমিক ৬০ শতাংশ, যা জাতীয় গড় ৫৮.৮৩ শতাংশ থেকে অনেক উঁচুতে।

মোট ৩ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ২২৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী। যদিও গড় ফলাফলে সারাদেশে জিপিএ-৫ প্রাপ্তির হার ভয়াবহভাবে কমে এসেছে, তবুও নটরডেম কলেজ তাদের ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে।

ফল প্রকাশের পর নটরডেম কলেজ প্রাঙ্গণ ছিল উচ্ছ্বাসে মুখর। সন্তানের ফলাফল জানতে এসে আবেগাপ্লুত অনেক অভিভাবক। মবিনুর রহমান মামুন নামের এক অভিভাবক জানান, “আমার ছেলে আলভি রহমান জিপিএ-৫ পেয়েছে। এটা আমাদের পরিবারের জন্য বিশাল আনন্দের বিষয়। এখন তার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, “এবারের ফলাফল নিয়েও আমরা সন্তুষ্ট। সারাদেশে পাসের হার কমলেও আমাদের শিক্ষার্থীরা তাদের সেরা চেষ্টাটা করেছে। খুব অল্প সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। ৮ জন পরীক্ষায় অংশ নিতে পারেনি বিভিন্ন কারণে। তারপরও আমরা গর্বিত।”

এ বছর সারাদেশে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৯৭ জন, যা গত বছরের তুলনায় প্রায় ৭৭ হাজার কম। এই প্রেক্ষাপটে নটরডেম কলেজের ২ হাজার ৪৫৪টি জিপিএ-৫ সত্যিই ব্যতিক্রম।