জুলাই সনদে স্বাক্ষর জাতীয় ঐক্য নয়, বরং প্রতারণা — এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক ফাঁকিবাজি চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য হয় না। প্রকৃত জাতীয় ঐক্য গড়ে ওঠে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সংগ্রামের মাধ্যমে।”
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “জাতীয় ঐক্যকে শুধু রাজনৈতিক দলগুলোর চুক্তিতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আজ কিছু রাজনৈতিক দল যে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে, তা প্রকৃত জাতীয় ঐক্য নয়।”
অনুষ্ঠানে নাহিদ ইসলাম শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার ও দাবি বাস্তবায়নে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।”
এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম ‘জাতীয় শ্রমিক শক্তি’র নেতৃত্বও ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বে থাকছেন:
মুখ্য সংগঠক আরমান হোসেন,সদস্যসচিব রিয়াজ মোরশেদ,আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।
নেতারা জানান, এই সংগঠন শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে, তাদের ন্যায্য অধিকার আদায়ে এবং জাতীয় রাজনৈতিক পরিসরে শ্রমজীবী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে।


