ধারাবাহিক অগ্নিকাণ্ড নিয়ে তারেক রহমানের পোস্ট
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক একাধিক অগ্নিদুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান লিখেছেন, “বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা ও দোয়া রয়েছে। আমি আশা করি, সংশ্লিষ্ট সবাই নিরাপদে আছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”
তিনি ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রশংসা জানিয়ে বলেন, “জনসেবার প্রতি এদের সাহসিকতা ও নিষ্ঠা অবশ্যই প্রশংসার যোগ্য।”
সাম্প্রতিক সময়ে একাধিক স্থানে অগ্নিকাণ্ডের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “মিরপুর, চট্টগ্রাম ইপিজেড ও টাঙ্গাইলের মতো জায়গায় ধারাবাহিক অগ্নিকাণ্ড নিঃসন্দেহে উদ্বেগজনক। জনগণের জানমাল রক্ষায় অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “এই ঘটনার পেছনে কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা ষড়যন্ত্র থাকলে তা অনতিবিলম্বে উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে। জননিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে এমন ঘটনা রোধে সুনির্দিষ্ট পরিকল্পনা জরুরি।”


