শাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

জাতীয়
শাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থানের মুখে ফের বিষয়টি পুনর্বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সীমার মধ্যে বিকল্প প্রতীক না দিয়ে দলটি ফের শাপলা প্রতীক চেয়ে আবেদন করায় কমিশন এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিকে ৫০টি প্রতীকের একটি তালিকা দিয়ে সেখান থেকে বিকল্প বেছে নেওয়ার সময়সীমা ১৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শেষ দিনে, রোববার, এনসিপির একটি প্রতিনিধিদল কমিশনে এসে পুনরায় শাপলা প্রতীক দাবি করে আবেদন জমা দেয়।

আখতার আহমেদ বলেন, “আমরা বিষয়টি কমিশনে উপস্থাপন করব। কমিশনই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে দলটিকে কোন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রোববার সকালে নির্বাচন ভবনে সচিবের সঙ্গে দেখা করে এনসিপির প্রতিনিধিরা জানান, তারা কোনোভাবে চাপিয়ে দেওয়া প্রতীক গ্রহণ করবেন না। শাপলা প্রতীকেই তাদের অনড় অবস্থান বহাল রয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, আইন ও বিধিমালা পর্যালোচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শাপলা প্রতীক পূর্বে অন্য দলের সঙ্গে যুক্ত থাকায় সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে কমিশনের কিছু আইনি জটিলতা খতিয়ে দেখা প্রয়োজন।