বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি চুক্তি নবায়নে উদ্যোগ নিয়েছে ভারত

জাতীয়
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি চুক্তি নবায়নে উদ্যোগ নিয়েছে ভারত
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৫

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত চলমান চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ভারত। ত্রিপুরার পালাটানা কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেড (NVVN) এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনায় নেমেছে।

বর্তমানে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড (TSECL) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)-এর মধ্যে বিদ্যমান ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তিটি ২০২৬ সালের মার্চে শেষ হওয়ার কথা রয়েছে। তবে মেয়াদ শেষের আগেই নবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষ সক্রিয় ভূমিকা নিচ্ছে।

এনটিপিসি সূত্রে জানা গেছে, নবায়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন TSECL-এর ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বোস। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চুক্তি নবায়নে আগ্রহী এবং প্রস্তুত।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যা নভেম্বর থেকে ১০০ মেগাওয়াটে উন্নীত হবে। এরপর এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবে।”

চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যেই আগ্রহ দেখানোয় ভারতীয় পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে।

নেপালে বিদ্যুৎ রপ্তানি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে দেবাশীষ বোস বলেন, “নেপালের তুলনায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অনেক বেশি কার্যকর এবং ফলপ্রসূ। তাই আমরা বর্তমানে বাংলাদেশের সঙ্গে চুক্তি সম্প্রসারণেই বেশি গুরুত্ব দিচ্ছি।”