ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামোর দাবি এনসিপি নেতার
দেশব্যাপী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য একটি নির্ধারিত ও সম্মানজনক বেতন কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং ৭ হাজার ৫০০ টাকা হলেও তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত অপ্রতুল।”
তিনি আরও জানান, এক মসজিদে নামাজ শেষে ইমাম তার কাছে জীবনযাত্রার কষ্টের কথা জানান। সারাদিন মসজিদে থেকে দায়িত্ব পালনের পরও এই বেতনে চলা কঠিন হয়ে পড়ছে বলেও জানান ইমাম।
সারজিস আলম জানান, এনসিপির পক্ষ থেকে তিনি ধর্ম উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা বেতন নির্ধারণের প্রস্তাব দেন। ধর্ম উপদেষ্টা বিষয়টিকে যৌক্তিক উল্লেখ করে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


