মেট্রোরেলে ‘ফ্রি এক্সিট’ বন্ধ, একই স্টেশনে উঠেই নামলে দিতে হবে ১০০ টাকা

জাতীয়
মেট্রোরেলে ‘ফ্রি এক্সিট’ বন্ধ, একই স্টেশনে উঠেই নামলে দিতে হবে ১০০ টাকা
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

ঢাকা মেট্রোরেলে যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, কেউ যদি একই স্টেশনে প্রবেশ ও বাহির হন—তাহলে তাকে ১০০ টাকা ভাড়া পরিশোধ করতে হবে, যদিও তিনি কোথাও যাননি।

নতুন এই নির্দেশনা ইতোমধ্যে সব মেট্রোরেল স্টেশনে নোটিশ আকারে টাঙানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, “সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”

এর আগে পাঁচ মিনিটের মধ্যে কেউ স্টেশনের ভেতরে ঢুকে আবার বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না। অনেক সময় ভুলবশত বা প্রয়োজনে যাত্রীরা স্টেশন থেকে বেরিয়ে আসতেন। তবে নতুন নিয়মে সেই সুবিধা থাকছে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা বলেন, “নিরাপত্তা ও অপব্যবহার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এন্ট্রি বা এক্সিট নেয়া যাবে না।”

তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, এই নিয়ম সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, “আমরা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।”

নতুন নিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নিয়মিত যাত্রী। তারা বলছেন, অল্প সময়ের জন্য ভেতরে প্রবেশ করেও যদি ১০০ টাকা কাটা হয়, তাহলে ভুল করলে বা প্রয়োজনে বেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, নিয়মটি আরও স্পষ্ট ও জনবান্ধব হওয়া প্রয়োজন। পাশাপাশি যাত্রীদের সচেতন করতে প্রচারণাও জরুরি।