নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভুয়া তথ্য: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয়
নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভুয়া তথ্য: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোকে দেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

সাক্ষাতে ড. ইউনূস বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করানো একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। এটি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, এই জাতীয় সনদ নির্বাচনের আগেই পারস্পরিক আস্থা তৈরি করছে, যা একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সহায়ক।

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎস বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “বাংলাদেশে নাগরিকদের গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়ছে, যা অত্যন্ত ইতিবাচক।”

রাষ্ট্রদূত জার্মান সরকারের পক্ষ থেকে জুলাই সনদ এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে সরাসরি সংলাপ একটি সাহসী পদক্ষেপ। নির্বাচনের পরেও এই সংস্কার প্রচেষ্টা অব্যাহত থাকা উচিত।”

ড. ইউনূস বলেন, “আজকের তরুণ প্রজন্ম প্রযুক্তির মাধ্যমে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সচেতন ও সক্রিয়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। কিন্তু একইসঙ্গে ভুয়া তথ্য ও গুজবের বিপজ্জনক প্রভাব সম্পর্কেও সচেতন থাকতে হবে।”

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণার ব্যাপারে সতর্কতা জারি করার প্রয়োজনীয়তার কথা বলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য, শিক্ষার্থী বিনিময় ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথা আলোচিত হয়। এছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি এবং এই ইস্যুতে জার্মানির অব্যাহত সহযোগিতার আশ্বাসও দেন রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টা বলেন, “জার্মানি ইউরোপে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক।”