অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন সংস্থা আইআরআই

জাতীয়
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন সংস্থা আইআরআই
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ক্রিস্টোফার জে. ফুসনার। তার সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নির্বাচনি ও রাজনৈতিক পরামর্শদাতা, প্রোগ্রাম পরিচালক ও নির্বাচন বিশ্লেষকসহ মোট আট সদস্যের একটি প্রতিনিধি দল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য এবং রাজনৈতিক প্রচারণা পরামর্শক জন ফ্লুহার্টি সাংবাদিকদের বলেন:

“আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলেছি। নির্বাচন কমিশন আমাদের সময় দিয়েছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।”

তিনি আরও জানান, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তারা একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

আইআরআই ইতোমধ্যে জানিয়েছে, তারা বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন বিষয়ে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণা, দলীয় প্রশিক্ষণ এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়ে সহায়তা।

বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন আইআরআইয়ের নির্বাচন বিশেষজ্ঞ জেসিকা কিগান, সিনিয়র ফেলো লিসা কার্টিস, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, পরামর্শক ডারিন বিয়েলেকি এবং কর্মসূচি বিশ্লেষক অমিতাভ ঘোষ।

ইসি সূত্র জানায়, কমিশন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে নিয়মিত সংলাপ ও মতবিনিময়ের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।