নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

রাজনীতি
নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না: নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা ও গঠন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, কমিশনের কার্যক্রম স্বচ্ছ নয় এবং কিছু কিছু রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ পরিলক্ষিত হচ্ছে।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“নির্বাচন কমিশন যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষ আচরণ করার কথা ছিল, তা তারা করছে না। কিছু রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত এবং অন্যদের প্রতি বিমাতাসুলভ আচরণ লক্ষ্য করা যাচ্ছে।”

তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। আর সেজন্য দরকার কমিশনের পুনর্গঠন।

বৈঠকে জুলাই মাসের ঘটনায় শহীদ ও আহতদের পরিবারগুলোর দায়ের করা মামলার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এনসিপি জানায়, জামিনে মুক্ত আসামিদের মাধ্যমে শহীদ পরিবারগুলো হুমকির মুখে রয়েছে।

নাহিদ বলেন,

“৮০০’র বেশি মামলার কী অবস্থা, কীভাবে এগোবে—তার কোনো রোডম্যাপ এখনো আমরা পাইনি। শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিচার প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে।”

এনসিপি জুলাই মাসে স্বাক্ষরিত জাতীয় ঐকমত্য সনদে স্বাক্ষর করেনি। দলটি দাবি করেছে, এই সনদ মৌখিক অঙ্গীকারে সীমাবদ্ধ থাকলে তাতে তারা আস্থা রাখে না।

নাহিদ বলেন,

“জুলাই সনদের বাস্তবায়ন কৌশল ও নির্দিষ্ট সময়সূচি না পেলে আমরা স্বাক্ষর করবো না। ঐকমত্য শুধু অনুষ্ঠান করে দেখানোর বিষয় নয়।”

এনসিপি নেতা অভিযোগ করেন, প্রশাসনে ডিসি ও এসপিদের বদলি রাজনৈতিক পক্ষপাতের ভিত্তিতে হচ্ছে। তিনি বলেন,

“আমরা শুনছি, বড় রাজনৈতিক দলগুলো প্রশাসনে ‘ভাগবাটোয়ারা’ করছে। তাদের প্রস্তাবিত তালিকা সরকার গ্রহণ করছে, এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সহায়তা করা হচ্ছে।”

নাহিদ ইসলাম দাবি করেন, এই প্রবণতা অব্যাহত থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। যেসব উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।