‘শুধু ৭১ নয়, ৪৭–এর পর থেকে জামায়াতের দ্বারা কারও ক্ষতি হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই’

রাজনীতি
‘শুধু ৭১ নয়, ৪৭–এর পর থেকে জামায়াতের দ্বারা কারও ক্ষতি হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই’
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দলটির কার্যক্রমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হন, তবে তিনি তাঁদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছেন।

বুধবার স্থানীয় সময় রাতে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “আমরা পূর্বেও একাধিকবার ক্ষমা চেয়েছি। প্রফেসর গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও ব্যক্তিগতভাবে এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করেছি।”

তিনি আরও বলেন, “৭১ সাল নয়, ৪৭ সাল থেকে যদি আমাদের কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তাঁদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা চাইছি। মানুষ হিসেবে ভুল আমাদেরও হতে পারে। যদি আমাদের কোনো সিদ্ধান্তে জাতির ক্ষতি হয়ে থাকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বারবার শুনি, এইভাবে ক্ষমা চাওয়া যাবে না বা অন্যভাবে বলতে হবে। কিন্তু আমি আজ প্রকাশ্যে আবার বলছি—১৯৪৭ থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যাঁরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে জামায়াতে ইসলামী পক্ষ থেকে বিনা শর্তে ক্ষমা চাই।”