নভেম্বরেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাউদ্দিন আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলটি ২০০টিরও বেশি আসনে একক প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে এবং দ্রুতই সেসব প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।
সালাউদ্দিন আহমদ জানান, বিএনপি আসন্ন নির্বাচনে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা করছে।
তার ভাষায়, “আন্দোলনের সময় যেসব রাজনৈতিক দল যুগপৎভাবে আমাদের সঙ্গে ছিল, তাদের আমরা নির্বাচনী জোটে রাখতে চাই। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিসহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে।”
তিনি আরও বলেন, বিএনপি গণভোট ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়েও ইতিবাচক মনোভাব পোষণ করছে, যাতে “নির্বাচনী প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়”।
দলীয় সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বিএনপি মাঠ পর্যায়ে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা শুরু করতে চায়। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে বলে দাবি করেছেন নেতারা।
বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, “তারেক রহমান দেশে ফিরলে দলীয় নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং ভোটের মাঠে ঐক্যবদ্ধ বার্তা যাবে।”
২০০৮ সালের পর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। দুর্নীতি ও অর্থপাচারের মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি লন্ডনে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে দলীয় বৈঠকে তার অনলাইন উপস্থিতি বাড়লেও দেশে ফেরার বিষয়ে তিনি এতদিন নিরব ছিলেন।
এবারের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত হলে এটি হবে এক যুগেরও বেশি সময় পর দলটির সংসদে ফেরার সম্ভাব্য সুযোগ।


