বিমানবন্দরে আগুনের ঘটনা খতিয়ে দেখবে ৪ দেশের বিশেষজ্ঞ দল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শনিবার জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের নিয়ে আগুন লাগার কারণ এবং দায় নির্ধারণে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠিত হবে।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি, বিমানবন্দরে আগুনটি দুর্ঘটনাজনিত। তবে দাহ্য পদার্থের অতিরিক্ত উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও সময় লেগেছে।”
এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে, আর পরের দিন বিকেলে পুরোপুরি আগুন নিভানো সম্ভব হয়।
সরকারি সূত্র জানাচ্ছে, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে ভবিষ্যতে বিমানবন্দর সুরক্ষা ব্যবস্থা আরও শক্ত করা হবে এবং আগুন লাগার ঝুঁকি কমানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


