প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড: অক্টোবরের প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২০৩ কোটি ডলার

প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড: অক্টোবরের প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২০৩ কোটি ডলার
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫

চলতি অক্টোবরের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ ডলার (প্রায় ২৪,৮০১ কোটি টাকা), যা প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ১৩ লাখ ডলার বা ৯৯২ কোটি টাকা হচ্ছে। এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ডলার, কৃষি ব্যাংকের মতো বিশেষায়িত ব্যাংক থেকে ১৯ কোটি ৭০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।

চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি। এর আগে জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত অর্থবছর ২০২৪-২৫ সালে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড ছিল মার্চে, ৩২৯ কোটি ডলার। পুরো বছর প্রবাসী আয় মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বৃদ্ধি।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার সরবরাহ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে কাজ করছে।