ঢাবির ট্রেজারারের সঙ্গে ডাকসু নেতাদের আচরণ ‘নিন্দনীয়’: ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সঙ্গে কয়েকজন ডাকসু নেতার আক্রমণাত্মক ও অশোভন আচরণকে “নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের সঙ্গে কয়েকজন ডাকসু নেতা যেভাবে আচরণ করেছে, তা শিক্ষার্থীদের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।”
তিনি বলেন, “ট্রেজারার মহোদয় জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। বিগত প্রশাসনের ব্যর্থতার দায় বর্তমান ট্রেজারারের ওপর চাপিয়ে দেওয়া অনৈতিক ও অছাত্রসুলভ আচরণ।”
নাছির উদ্দিন ডাকসু নেতাদের উদ্দেশে বলেন, দাবি আদায়ে নিয়মতান্ত্রিক পথ অনুসরণ করতে হবে, শিক্ষকদের ওপর “মবতন্ত্র” প্রয়োগ অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ক্যাম্পাস থেকে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও নেশাগ্রস্ত ব্যক্তিদের সরিয়ে দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন।
ছাত্রদলের এই নেতা বলেন, “বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রাতের বেলায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে।”
ক্যাম্পাসের দোকানপাট প্রসঙ্গে তিনি বলেন, অনুমোদিত ও ভাসমান দোকান পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে এমন দোকানগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দিতে হবে, তবে দীর্ঘদিনের দোকান উচ্ছেদে প্রশাসনের উচিত ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া।
সবশেষে নাছির উদ্দিন নাছির বলেন, “প্রশাসনের উচিত দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাসের দোকানগুলোকে একটি কাঠামোর আওতায় আনা। অন্যথায় নিত্যনতুন বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”


