৪৮তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের নিয়োগের দাবিতে বিক্ষোভ
৪৮তম বিসিএস (বিশেষ—স্বাস্থ্য) পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য সংস্কার কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১২,৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। ফলে সাধারণ মানুষ পর্যাপ্ত সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, “স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার ধারাবাহিকতায় ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, যা সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
প্রার্থীরা জানান, এ বিসিএসের মাধ্যমে ২,৮২০ জনকে সহকারী সার্জন পদে সুপারিশ করা হয়েছে। তবে ৪৪তম থেকে ৪৭তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। ফলে ওই বিসিএসগুলোর অপেক্ষমাণ অনেক চিকিৎসক ৪৮তম বিশেষ বিসিএসে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তাদের দাবি, ৪৪তম থেকে ৪৮তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সরাসরি ৪৮তম থেকে নিয়োগ দিলে প্রায় ২,০০০ রিপিট প্রার্থী সৃষ্টি হবে। এই প্রার্থীরা সিনিয়রিটি ও অন্যান্য সুবিধার কারণে পূর্ববর্তী বিসিএসগুলোতে যোগদান করলে ৪৮তমের সহকারী সার্জন পদগুলো আবার শূন্য হয়ে যাবে, যা চিকিৎসক সংকট নিরসনে কোনো সুফল বয়ে আনবে না।
বিক্ষোভকারীরা উল্লেখ করেন, অতীতে ৩৯তম ও ৪২তম (বিশেষ) বিসিএসেও রাষ্ট্রের প্রয়োজনে পদসংখ্যার অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। তাই পর্যাপ্ত শূন্যপদ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিবেচনায় ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবি জানান তারা।
তাদের বক্তব্য, “এখনই যদি নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হয়, তবে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে এবং সরকারের ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ অঙ্গীকারও বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে।”


