দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

জাতীয়
দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশের গণভোট কখন হবে, তা শিগগিরই প্রধান উপদেষ্টার নেতৃত্বে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

উপদেষ্টা বলেন, “গণভোটের বিষয়ে সিদ্ধান্ত কোনো এক রাজনৈতিক দলের হাতে নেই। আমরা প্রধান উপদেষ্টার সহায়তায় আছি, আর চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। দ্রুতই এ বিষয়ে ঘোষণা আসবে।”

গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা যেতে পারে। তবে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। জামায়াতে ইসলামি চাইছে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক, যেখানে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে বিএনপি চাইছে, নির্বাচনের দিনই গণভোট হোক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আসিফ নজরুল বলেন, “২৭০ দিন আলাপ–আলোচনা সত্ত্বেও রাজনৈতিক দলের মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে, তা হতাশাজনক। তারা যদি এককভাবে অবস্থান চাপিয়ে দিতে চায়, তা নির্দেশ করে যে দলগুলোর মধ্যে ঐকমত্য নেই।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সংসদে সংস্কারের দায়িত্ব থাকবে না, সব দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে সাফল্যের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য অপরিহার্য।”