আত্মসমর্পণে নতুন মোড়: শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় বিলম্বিত

জাতীয়
আত্মসমর্পণে নতুন মোড়: শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় বিলম্বিত
নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৫

রাজধানীর পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা ছয়টি মামলার রায় ঘোষণায় বিলম্ব ঘটছে। সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে থাকলেও পলাতক এক আসামির আত্মসমর্পণে বিচার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ৫–এ এসব মামলার বিচার চলছে। দুদক সূত্রে জানা গেছে, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম সম্প্রতি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বলেন, “আসামি আত্মসমর্পণের পর সাক্ষী রিকল করে জেরা করার আইনগত অধিকার রাখে। এতে রায় কিছুটা বিলম্বিত হতে পারে, তবে দীর্ঘ সময় লাগবে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুদকের আরেক প্রসিকিউটর খান মো. মইনুল হাসান লিপন জানান, মামলাগুলোর অভিযোগ দালিলিক সাক্ষ্যের ওপর ভিত্তি করে গঠিত। তিনি বলেন, “শেখ হাসিনাসহ আসামিরা মিথ্যা তথ্য দিয়ে সরকারি প্লট নিয়েছেন—এ অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।”

এর আগে দুদক চেয়ারম্যান ড. আব্দুল মোমেন জানিয়েছিলেন, অক্টোবরের শেষ বা নভেম্বরের মাঝামাঝি ছয় মামলার রায় ঘোষণা করা হতে পারে। তবে আত্মসমর্পণের পর রায় ঘোষণার সময়সূচি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।