উপহারের ‘নৌকা’ নিয়ে বিপাকে উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন ফেসবুক পোস্টে

জাতীয়
উপহারের ‘নৌকা’ নিয়ে বিপাকে উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন ফেসবুক পোস্টে
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫

আলজেরিয়ার রাষ্ট্রদূতের দেওয়া একটি প্রতীকী উপহারকে ঘিরে আলোচনায় এসেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গত শনিবার (১ নভেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আলজেরিয়ার বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাওজুল কবির খান।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত তাকে একটি মাঝিসহ পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার দেন— যা কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবেই প্রদান করা হয়। তবে উপহারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কিছু মহলে এটি আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’-এর সঙ্গে মিল আছে বলে মন্তব্য শুরু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরদিন (রোববার) উপদেষ্টা নিজেই নিজের ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন।
তিনি লেখেন—

“গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে—এর সঙ্গে আওয়ামী লীগের প্রতীকের কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও জানান,

“কূটনৈতিক সৌজন্যবশত আমি উপহারটি গ্রহণ করেছি। এখন ভাবছি, এটি দূতাবাসে ফেরত পাঠাব, সরকারি তোশাখানায় জমা দেব, শৈলান প্রবীণ নিবাসে রাখব, না নিজেই রেখে দেব। পাঠকদের পরামর্শ পেলে উপকৃত হব।”

উপদেষ্টার এই পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার স্বচ্ছতা ও জবাবদিহিতার মনোভাবের প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন এটি অপ্রয়োজনীয় বিতর্কের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সতর্কতা।

আলজেরিয়া দূতাবাসের আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।