চট্টগ্রাম বন্দরে নতুন বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ তিন মাসের জন্য স্থগিত

চট্টগ্রাম বন্দরে নতুন বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ তিন মাসের জন্য স্থগিত
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরে নতুন বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের একটি দ্বৈত বেঞ্চ গত সপ্তাহে এ স্থগিতাদেশ জারি করেন।

স্থগিতাদেশটি আসে এম এইচ চৌধুরী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফজলে আকবর মুরাদ কর্তৃক দায়ের করা রিট মামলার পর। মামলায় নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিবাদী করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করতে নতুন অপারেটর নিয়োগের উদ্যোগ নেয়। এ জন্য লাইসেন্সিং নীতিমালা–২০২৫ অনুযায়ী আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ৩১ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রার্থী প্রতিষ্ঠানগুলোর জন্য শর্তে ছিল— যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, প্রয়োজনীয় যন্ত্রপাতি, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, কর ও ভ্যাট সনদ, শ্রমিকদের বীমা ও অন্যান্য প্রমাণাদি জমা দেওয়া। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

হাইকোর্টের বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসান নিয়ে গঠিত। আদালত একই সঙ্গে পরিচালক (পরিবহন) স্বাক্ষরিত নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা নিয়ে রুল জারি করেছেন এবং সংশ্লিষ্ট পক্ষকে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিয়াজ মুর্শেদ, আর বিবাদীদের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান ও অন্যান্য আইনজীবী।