অপেক্ষা করেও রাজনৈতিক মতামত না পেলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার
জুলাই জাতীয় সনদ বা তার সংশোধনী বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের মধ্যে স্বতঃস্ফূর্ত আলাপ-আলোচনার আহ্বান জানানো হয়েছে। সরকার আশা করছে, দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেবে। যদি তা সম্ভব না হয়, সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা জানান।
ড. আসিফ বলেন,
“আমরা কোনো আল্টিমেটাম দিইনি। শুধু আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করব। তারপর সরকার সরকারের মতো পদক্ষেপ নেবে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে—এই প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যেই বিষয়টি নিয়ে বহু আলোচনা করেছে। গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো একাধিক সিদ্ধান্ত গ্রহণ ও আন্দোলনের মধ্য দিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তাই সরকারের আশা, দলগুলো নিজেদের আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান স্থির করবে।
উল্লেখ্য, জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


