প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত ৭ কার্যদিবসের মধ্যে

জাতীয়
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত ৭ কার্যদিবসের মধ্যে
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫

দেশের ১ হাজার ৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। সরকার বিষয়টি নিয়ে সাত কার্যদিবস সময় চাইলেও আন্দোলন না থামানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের নেতারা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি মো. ইলিয়াস রাজ বলেন, “আমরা আজ লং মার্চ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করছিলাম। কিন্তু পুলিশের বাধার মুখে থামতে হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আলোচনার জন্য আমাদের সাত সদস্যের প্রতিনিধি দলকে ডাকা হয়।”

তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক প্রশাসনের নেতৃত্বে তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় সরকারের পক্ষ থেকে সাত কার্যদিবসের সময় চাওয়া হয়। “আমরা আশাবাদী, এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের ইতিবাচক সিদ্ধান্ত আসবে,” বলেন ইলিয়াস রাজ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে তিনি জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাব। সারা দেশের যেসব শিক্ষক এখনো আন্দোলনে যোগ দেননি, তাদের দ্রুত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি,” যোগ করেন তিনি।

এর আগে দুপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা যমুনার দিকে লং মার্চ শুরু করলে কদম ফোয়ারা এলাকায় পুলিশ বাধা দেয়। পরে তারা সেখানে বসে পড়লে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তিন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
1.সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি;
2.প্রতিবন্ধী-বান্ধব অবকাঠামো নির্মাণ;
3. শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকায় উন্নীত করা;
৪️. মিড-ডে মিল, খেলাধুলা সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন;
৫️. ভোকেশনাল শিক্ষা, কর্মসংস্থান ও প্রতিবন্ধী কোটা বাস্তবায়ন।