বিএনপির প্রার্থী তালিকায় নেই বহু হেভিওয়েট নেতা

রাজনীতি
বিএনপির প্রার্থী তালিকায় নেই বহু হেভিওয়েট নেতা
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ঘোষিত তালিকায় দলের বেশ কয়েকজন হেভিওয়েট ও আলোচিত নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় স্থান পাননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়াও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, এবং কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশীদ ইয়াসিনের নামও নেই প্রার্থীদের মধ্যে।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানা ছিলেন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায়, কিন্তু তিনিও বাদ পড়েছেন তালিকা থেকে।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি এবার এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্তে অটল থেকেছে। ফলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদও মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন।

দলের নেতাকর্মীদের একাংশ মনে করছেন, বিএনপি এবার প্রার্থী নির্বাচনে নতুন মুখ ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিতে চায়—যা দলীয় পুনর্গঠনের অংশ হিসেবেই দেখা হচ্ছে।