ইসলামি ৮ দলের হুঁশিয়ারি

কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে

রাজনীতি
কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

আগামীকাল (শুক্রবার) দুপুরের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোটের তারিখ ঘোষণা না হলে আগামী ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীসহ সমমনা আট ইসলামী দলের নেতারা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তারা। এর আগে দুপুর ১২টার দিকে পুরানা পল্টন মোড় থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে মৎস্য ভবন এলাকায় পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পরে সেখানে তারা অবস্থান নিয়ে বক্তব্য দেন।

পদযাত্রায় অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে। বৈঠক চলাকালে মৎস্য ভবন মোড়ে অবস্থানকারীরা ‘গণভোট চাই’, ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’— এসব স্লোগান দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নেতারা বলেন,

“এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তিনটি— বিচার, সংস্কার ও নির্বাচন। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের ব্যবস্থা না করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

তারা আরও বলেন,

“আগামীকাল (শুক্রবার) জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোটের ঘোষণা না এলে ১১ নভেম্বর ঢাকায় জনতার মহাসমুদ্র সৃষ্টি হবে।”

সমমনা আট ইসলামী দলের পাঁচ দফা দাবি হলো—

  1. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন,

  2. জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা,

  3. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

  4. পূর্ববর্তী সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি’র বিচার করা,

  5. ‘স্বৈরাচারের দোসর’ দলগুলোর (জাতীয় পার্টি ও ১৪ দল) কার্যক্রম নিষিদ্ধ করা।

অংশ নেওয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।