নির্বাচনের আগে ও পরে ১০ দিন সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি হিন্দু মহাজোটের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের আগে ও পরে মোট ১০ দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে সাংবাদিকদের এ তথ্য জানান।
পলাশ কান্তি দে বলেন, আসন্ন নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে মহাজোট সাতটি প্রস্তাব পেশ করেছে।
তিনি বলেন, “পূজা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থাকে। আমরা চাই, সবাই যেন নিরাপদে ভোট দিতে গিয়ে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন।”
তিনি আরও জানান, “প্রায়ই সংখ্যালঘু সম্প্রদায় রাজনৈতিক সহিংসতার শিকার হন। ভোট দিতে গিয়ে যেন কোনো পরিবারের ওপর হামলা না হয়, কিংবা সম্পদ লুট না হয়— তা নিশ্চিত করতে আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছি।”
পলাশ কান্তি দে অভিযোগ করেন, এখনো দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্ত হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে, যা সম্প্রদায়টিকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছি।”
এ সময় সিইসি আশ্বাস দিয়েছেন যে, সংখ্যালঘু সম্প্রদায়সহ সব নাগরিকের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


