বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন

রাজনীতি
বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট গঠন সম্ভাবনা রয়েছে, যদি তারা বিচার ও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়নের স্পষ্ট প্রতিশ্রুতি দেয়।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “দেশ সংকটকালীন মুহূর্তে রয়েছে। যদি বিএনপি বা জামায়াত আমাদের শর্ত মেনে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে প্রস্তুত হয়, তবে আমাদের জোট গঠনের পথ খোলা আছে। তবে শর্ত পূরণ না হলে কোনো জোট হবে না।”

এ সময় তিনি দলের নির্বাচনী প্রস্তুতিরও বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের প্রার্থীদের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। ফরম বিতরণ চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ১৫ নভেম্বর দল তাদের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাসীরুদ্দীন বলেন, “আমরা চাই দেশের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ হোক। সেই লক্ষ্যে আমাদের নীতিমালা অনুযায়ী যে প্রার্থীর মনোনয়ন অনুমোদন দেওয়া হবে, তারা সংস্কারের শর্ত মেনে চলবেন।”

এনসিপি এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক জোট ও নির্বাচনী প্রস্তুতিতে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছে।