শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ
৩ দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে গেলে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “শিক্ষকরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শাহবাগে ব্যারিকেড দেয়। তারা সেটি ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্তের পর তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল থেকে সারা দেশ থেকে আগত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষক নেতাদের অভিযোগ, “মানুষ গড়ার কারিগরদের তৃতীয় শ্রেণিতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। পদোন্নতির যোগ্যতা থাকার পরও বহু শিক্ষককে সারা জীবন একই পদে থাকতে হচ্ছে।”
তাদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ,
২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
দাবি আদায়ে শিক্ষকেরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে কর্মবিরতি ও আরও কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।


