চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রোববার (৯ নভেম্বর) জানান, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না এলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। তবে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমদানির অনুমোদন ইস্যু করা হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ আবেদন জমা পড়েছে। তবে অনুমোদন প্রদানের ক্ষেত্রে কৃষকের ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করা হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, “যদি মোট আবেদনের ১০ শতাংশ অনুমোদন দেওয়া হয়, তাহলে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শেখ বশিরউদ্দীন পেঁয়াজের হঠাৎ মূল্য বৃদ্ধি অযৌক্তিক বলে মন্তব্য করে বলেন, দাম বৃদ্ধির মূল কারণ হলো মৌসুমের শেষ, ভারী বৃষ্টি এবং সংরক্ষণের সময় পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাওয়া। তিনি জানান, মজুতদার বা সিন্ডিকেটের কোনো তথ্য তার কাছে নেই।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।