নতুন রূপে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে: সাইফুল হক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের রাজনীতিতে নতুন রূপে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে। তিনি দুই অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরও কিছু মানুষ স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে চলছে বলে সতর্ক করেছেন।
সোমবার শহীদ নূর হোসেনের ৩৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সাইফুল হক বলেন, “দুটো ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকরা বিদায় নিয়েছিল, কিন্তু তাদের শিকড় এখনও অক্ষুণ্ণ। তাই বারবার দমন ও নিপীড়ন ফিরে আসে। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হলে পুরো ফ্যাসিস্ট ব্যবস্থা নির্মূল করতে হবে।”
তিনি আরও বলেন, শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন, আবু সাঈদ ও মীর মুগ্ধের মতো মানুষদের জীবন ও ত্যাগই আমাদের জন্য অনুপ্রেরণা। বৈষম্যহীন, মানবিক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করা সম্ভব।
সাইফুল হক সরকারকে সতর্ক করে বলেন, দুর্বলতা ও অকার্যকারিতার সুযোগ নিয়ে অনেকে “ঘোলা পানিতে মাছ শিকার” করতে নামছে। তিনি রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংগ্রামের আহ্বান জানান।


