নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারেও নিষেধাজ্ঞা

জাতীয়
নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারেও নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার ও বিদেশে যে কোনো ধরনের প্রচার কার্যক্রমেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণবিধি, ২০২৫’ শীর্ষক নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ।

নতুন আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে তা অবশ্যই পরিবেশবান্ধব উপকরণে তৈরি হতে হবে। পলিথিন ও রেকসিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যানবাহনসহ মিছিল, শোডাউন, মশাল মিছিল করারও অনুমতি থাকবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচারে শব্দের মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দিতে হবে বলেও বিধানে উল্লেখ রয়েছে।

গুরুতর আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পাবে নির্বাচন কমিশন। অন্যান্য বিধি ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা, এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জন্যও দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা ঘৃণাত্মক কনটেন্ট তৈরি বা প্রচার করা যাবে না। প্রার্থী বা দলের বিরুদ্ধে ভুল তথ্য, বিকৃত চেহারা, বা উসকানিমূলক বক্তব্য প্রচার কঠোরভাবে নিষিদ্ধ।

এছাড়া রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে সংশ্লিষ্ট আসনের সব প্রার্থীকে নিয়ে একদিনে ইশতেহার পাঠের ব্যবস্থা করারও বিধান আনা হয়েছে, যাতে ভোটাররা তুলনামূলকভাবে স্পষ্ট ধারণা পেতে পারেন।