সুযোগ পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

রাজনীতি
সুযোগ পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় রাজনৈতিক দলগুলো যখন ভোটের ময়দানে সরব, তখন অংশগ্রহণ নিয়ে এখনো দ্বিধায় রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক শরিক জাতীয় পার্টি (জাপা)। তবে দলটির ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

দলটির নেতারা বলছেন, শেষ পর্যন্ত যদি ‘সবুজ সংকেত’ মেলে, তবে পূর্ণ শক্তিতে নির্বাচনী মাঠে নামবে তারা।

জাতীয় পার্টির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দলটি এককভাবে নয়, বরং জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে চায়। বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য জোট নিয়েও আলোচনা চলছে অনানুষ্ঠানিকভাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জোটবদ্ধভাবে নির্বাচনে গেলে শুধু জাতীয় পার্টিই নয়, আমাদের জোটসঙ্গী দলগুলোরও আসন ও ভোট উভয়ই বাড়বে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। তফসিল ঘোষণার পর পরিস্থিতি পরিষ্কার হবে বলে আমরা আশা করছি। এরপরই জোট ও আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেব।”

আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জাতীয় পার্টিকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসি।

ইসির একজন কর্মকর্তা জানান, “জাতীয় পার্টি বর্তমানে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগছে। দুই পক্ষের পৃথক কমিটি গঠনের বিষয়ে কমিশনে তথ্য জমা পড়েছে। দলটি যদি অভ্যন্তরীণ সংকট নিরসন করে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে আসে, তখনই সংলাপ বা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

দলটির এক সিনিয়র নেতা বলেন, “আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। কিন্তু সবকিছু নির্ভর করছে রাজনৈতিক সমঝোতা ও মাঠপর্যায়ের পরিবেশের ওপর।”