যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য কোনো নির্বাচন নাই: জামায়াত আমির
রাজধানীর পল্টনে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও গণভোট ছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে যুগপৎ আন্দোলনের আট দলের আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, এ ছাড়া নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই।”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশে অংশ নেয় আটটি রাজনৈতিক দল।
ডা. শফিকুর রহমান বলেন, “গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নেওয়া। সংখ্যাগরিষ্ঠ দল যখন জুলাই সনদে একমত, তখন সেটি বাস্তবায়নই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আমরা চাই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হোক, কিন্তু তার আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত জানতে হবে। এটি ফ্যাসিবাদ নয়, জনগণের অধিকার।”
বিএনপিকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, “সব বায়না ভুলে জুলাই সনদের প্রতি শ্রদ্ধা দেখান। যারা শহীদ হয়েছেন, যাদের রক্তে এই বিপ্লব অর্জিত—তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।”
ডা. শফিকুর রহমান কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, কিন্তু অটল। জনগণের মুক্তি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।”
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সভাপতিত্বে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা সবাই একসুরে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দেশে কোনো রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না।
সমাবেশ শেষে আট দলের নেতারা বৈঠকে মিলিত হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেন।


