ভারতে বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
ভারতে বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ ঘটনায় বাংলাদেশের নাম জড়িয়ে ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘ভিত্তিহীন ও দায়সারা’ বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

“সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে মনগড়া গল্প তৈরি করে। এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “বাংলাদেশ সব সময়ই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। তাই এমন বিভ্রান্তিকর প্রচারণা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।”

গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও বহু মানুষ আহত হন। বিস্ফোরণের পর লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ করে দিয়ে পুরো এলাকাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশের পক্ষ থেকেও ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়,

“ভারতের এই দুঃসময়ে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতের পাশে আছে। নিহত ও আহত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে বিস্ফোরণের পর ভারতের বিভিন্ন শহর ও সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং লালকেল্লা দর্শনার্থীদের জন্য তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।