মির্জা ফখরুলের বক্তব্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নিন্দা

রাজনীতি
মির্জা ফখরুলের বক্তব্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নিন্দা
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় দলের এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সকল মামলা তুলে নেওয়া হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের মন্তব্য শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সংগঠনটি ফখরুলের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, বরং বিগত দেড় দশকে তারা গুম, খুন, নির্যাতন ও গণহত্যার মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। সুতরাং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও আওয়ামী লীগ পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে তাদের প্রতি সহানুভূতির কোনো বক্তব্য জাতির প্রতি অবিচার।”

সংগঠনটি অভিযোগ করে, সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে কিছু মহল ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় প্রাসঙ্গিক করার চেষ্টা চালাচ্ছে, এবং মির্জা ফখরুলের বক্তব্য সেই ধারাবাহিকতারই অংশ।

দলীয় নীতিনির্ধারক পর্যায়ের একজন হিসেবে মির্জা ফখরুলের এ ধরনের মন্তব্য বিএনপির অবস্থানকেই প্রতিফলিত করে কি না—এ প্রশ্নে বিএনপির আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মির্জা ফখরুলের বক্তব্য যদি ব্যক্তিগত মত হয়, তাহলে বিএনপি তা পরিষ্কারভাবে জানাবে; আর যদি দলীয় অবস্থান হয়, তাহলে জনগণ জানুক—বিএনপি কি সত্যিই ফ্যাসিবাদী শক্তিকে ছাড় দেওয়ার পক্ষে?”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই ধরনের বক্তব্য দেশের মূলধারার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।