সবার সহযোগিতা পেলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে — স্বরাষ্ট্র উপদেষ্টা
সবার সহযোগিতা পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কঠিন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
গণহত্যার মামলার রায় নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, “আল্লাহর কৃপায় কোনো শঙ্কা নেই, আমরা প্রস্তুত আছি।”
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনাদের (গণমাধ্যমসহ সবার) সহযোগিতা থাকলে অবশ্যই এটা সহজ হবে।”
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রভাব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “রাস্তা ফাঁকা বলার কিছু নেই। আপনারা তো সবাই অফিসে এসেছেন। বড় কোনো সমস্যা নেই— কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি সূত্রে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর নজরদারি রাজধানীসহ সারাদেশে জোরদার করা হয়েছে যাতে আসন্ন রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।


