শান্তির বার্তা নিয়ে উত্তরায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান

রাজনীতি
শান্তির বার্তা নিয়ে উত্তরায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে রাজধানীর উত্তরা এলাকাজুড়ে ‘শান্তির বার্তা’ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

সোমবার সকাল থেকেই উত্তরা ১ থেকে ২১ নম্বর সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং মেট্রোরেল স্টেশন ঘিরে সংগঠনের নেতাকর্মীরা সাদা পতাকা হাতে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় এবং মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি।
প্রতিটি স্পটে সংশ্লিষ্ট থানার স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সঙ্গে অবস্থান নেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা কামাল হৃদয় বলেন,
“শেখ হাসিনা দেশ ছাড়লেও তার সহযোগীরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। শান্তি রক্ষায় আমরা মাঠে আছি এবং নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিটি জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হবে।”

ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল জানান,
“রায়কে কেন্দ্র করে কিছু অনুসারী অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা উত্তরায় কোনো ধরনের নাশকতা হতে দেব না। শান্তির পক্ষে আমরা রাজপথে।”

ছাত্রদল নেতা রবিউল আওয়াল ভূঁইয়া রবি বলেন,
“মানুষের জান-মালের নিরাপত্তায় আমরা এই কর্মসূচি পালন করছি। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের চেষ্টা করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”